আসামি ছিনতাইয়ের চেষ্টা

কুমিল্লায় সংঘর্ষ-গুলিতে ৬ পুলিশ আহত

কুমিল্লায় হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার পলাতক আসামি কাউসারকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের চার এসআইসহ ছয় পুলিশ আহত হয়। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা মহানগরীর শাসনগাছা এলাকায় পুলিশ আহত অবস্থায় কাউসারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সন্ত্রাসী কাউসারকে (৩৫) গ্রেফতার করতে নগরীর শাসনগাছা এলাকায় অভিযান চালায়। কাউসারকে গ্রেফতার করে থানায় নেয়ার পথে তার সঙ্গীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ৪৭ রাউন্ড গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কোতয়ালী মডেল থানার এসআই জসিম উদ্দিন, এসআই সহিদুল ইসলাম, এসআই বাবুল, এসআই তাজুল ইসলাম ও দুইজন কনস্টেবল আহত হয়। পরে পুলিশ কাউসারকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বিকালে পুলিশ আরো তিনজনকে আটক করেছে। কোতয়ালী থানার ওসি (তদন্ত) সামসুজ্জামান জানান, গ্রেফতারকৃত কাউসার পুলিশের তালিকাভুক্ত আসামী।