ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে আরও সৈন্য পাঠানোর ঘোষণা ট্রাম্পের

ইরানকে চাপের রাখতে মধ্যপ্রাচ্যে 'প্রতিরক্ষামূলক' কাজের নামে আরও দেড় হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার  মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে সেনা পাঠানোর ঘোষণা দেন তিনি।

মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের তথ্য অনুসারে, ট্রাম্পের মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা দেওয়া দেড় হাজার সেনা সদস্যের ৬০০ জন ইতিমধ্যেই সেখানে রয়েছেন। বাকি ৯০০ জন সেনা সদস্য শিগগিরই তাদের সঙ্গে যোগ দেবে। সেনা সদস্যদের পাশাপাশি মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা 'প্যাট্রিয়ট' ও গোয়েন্দা বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে, গত নির্বাচনের আগে প্রচারণার সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য মোতায়েনের জন্য পূর্ববর্তী প্রেসিডেন্টদের কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের ঘোষণাও দেন তিনি। এ বিষয়ে বরাবরের মতো ট্রাম্প দাবি করেন, ইরান সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে।

আরও পড়ুন:  সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের উদ্বেগ

উল্লেখ্য, গত বছর ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর থেকে দেশটিকে চাপে রাখতে নানা পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইরানের 'এলিট বাহিনী'কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা, ইরানের তেল রপ্তানি বাণিজ্যকে শূন্যের কোটায় নিয়ে যাওয়ার চেষ্টা, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া এবং সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে নজরদারির মধ্যে রাখা, ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হলেও গত বছর আবার নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করা ইত্যাদি নানা পদক্ষেপ নিয়েছেন ইরানকে চাপে রাখতেই। সেই ধারাবাহিকতায় সর্বশেষ 'প্রতিরক্ষামূলক' কাজের নামে ইরানে সৈন্য ও সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইত্তেফাক/জেডএইচডি