নাইজেরিয়ায় বোমা হামলায় ১৬ জন নিহত
প্রকাশ : ০২ মে ২০১৪, ২০:৪৩
নাইজেরিয়ার রাজধানী আবুজার উপকণ্ঠে একটি বাস স্টেশনে বৃহস্পতিবার বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। কয়েক সপ্তাহ আগে একই জায়গায় এ ধরনের ভয়াবহ আরেকটি বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছিল। এ হামলার দায়-দায়িত্ব এখনও পর্যন্ত কেউ স্বীকার না করলেও চরমপন্থি ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাঞ্জো এজিকিয়েল বলেন, আবুজার কেন্দ্রস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে নায়ানয়া বাস টার্মিনালে এ হামলা চালানো হয়। জরুরি সংস্থার কর্মীরা আহতদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গত ১৪ এপ্রিল একই বাস স্টেশনে বোমা হামলা চালানো হয়। এতে ৭৫ জন নিহত হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বোকো হারামের নেতা আবু বাকার শেকুকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়ে বলেছে, তার গ্রুপই ১৪ এপ্রিল বোমা হামলা চালিয়েছে।