কুমিল্লা-সিলেট মহাসড়কে গণডাকাতি
প্রকাশ : ০২ মে ২০১৪, ২১:২৭
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুুহিলপুরে বুধবার গভীর রাতে ফ্রিস্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। অন্তত ৩০টি পরিবহনে গণডাকাতি হয়। রাত প্রায় ৩টায় সদর উপজেলার সুহিলপুরের মীরহাটি নামক স্থানে ২০/২৫ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাতদল রাস্তায় মালবাহী ট্রাক আড়াআড়িভাবে রেখে ডাকাতি শুরু করে। প্রায় সোয়া ১ ঘন্টা ওই সড়কের চলাচলকারী বাস, ট্রাকসহ অন্যান্য পরিবহনে গণডাকাতি চালায়। তখন যাত্রীদের বেদম প্রহার করা হয়। যাত্রীদের মালামাল ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের নির্যাতনে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর ডাকাতদল পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।