পৃথক দুর্ঘটনায় নয় জন নিহত
প্রকাশ : ০২ মে ২০১৪, ২১:২৮
গত বৃহস্পতি ও শুক্রবার বজ পাত, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুত্ স্পৃষ্টসহ কয়েকটি দুর্ঘটনায় ৯ জন নিহতের খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা।
ডিমলায় বজ্রপাতে নিহত ১
নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার বজ্রপাতে ও ঝড়ে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। সূত্র জানায়, পূর্ব ছাতুনামর চরের জাবেদ আলীর পুত্র লুত্ফর রহমান (৩৫) ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকার সময় বজ্রপাতে মারা যায়।
নীলফামারীতে বজ পাতে ১ জন নিহত
গত বৃহস্পতিবার সকালে বজ পাতে রশিদুল ইসলাম (৩০) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। শহরের মধ্যহাড়োয়া বাঁশিহাড়া বিল নামক স্থানে সকাল ১১টার দিকে ধান ক্ষেতে কাজ করার সময় ওই এলাকার ইউনুছ আলীর পুত্র রশিদুল ইসলাম বজ পাতে নিহত হয়।
পঞ্চগড়ের বোদায় বজ্রপাতে নিহত ১ আহত ১
গত বৃহস্পতিবার পঞ্চগড়ে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এসময় আজাহার আলী (৩৫) অপর এক কৃষক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলোনীপাড়া গ্রামের চানমিয়ার পুত্র আবু বক্কর সিদ্দিক ও হোসেন আলীর পুত্র আজাহারসহ আরো কয়েকজন কৃষক শ্যালোচালিত মেশিন দিয়ে বোরো ক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় আকষ্মিক বজ্রপাতে তারা আহত হলে তাদেরকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। কর্তব্যরত চিকিত্সক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করে। আহত আজাহার বর্তমানে চিকিত্সাধীন রয়েছে।
বিজয়নগরে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর ইউনিয়ন অফিসের সামনে নষ্ট ট্রাকের সাথে সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আলামিন (৩০) ও বাদল মিয়া (৩৫) নিহত হয় ও গুরুতর আহত পলাশকে (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও অজ্ঞাত দুজনকে মাধবপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।
বামনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা পিপুলিয়া সড়কের পোলঘাটা নামক স্থানে টেম্পু উল্টে চালক মনির (২৫) নিহত হন। জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামের মনির টেম্পু নিয়ে পিপুলিয়া যাবার পথে পোলঘাটা পৌঁছলে টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মনিরের গায়ের উপর পড়লে ঘটনাস্থলে মনির নিহত হন।
জিয়ানগরে শিশুর মর্মান্তিক মৃত্যু
পিরোজপুরের জিয়ানগরে বৃহস্পতিবার উপজেলার পাড়েরহাটের উমেদপুর ব্রীজ সংলগ্ন এলাকায় মোটর সাইকেল চাপায় ছয় বছরের শিশু শাহিন শেখের মর্মান্তিক মৃত্যু হয়। শাহিন উমেদপুর গ্রামের মাসুম শেখের ছেলে। শাহিন টেম্পু থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিল এসময় ভাড়ার মোটর সাইকেল চালক টগড়া গ্রামের জুয়েল (২৫) শাহিন শেখকে চাপা দিয়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বান্দরবানে পাহাড় ধসে শ্রমিক নিহত, আহত-২
পাহাড় কাটার সময় বান্দরবানের লামায় পাহাড় ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুজন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে এগারোটায় জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী এলাকার কম্বনীয়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী এলাকার কম্বনীয়া গ্রামে পাহাড় কাটার সময় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আব্দুল মান্নান (২৯)। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায়।
দামুড়হুদায় ছাদ থেকে পড়ে একজনের মৃত্য
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাদ থেকে পড়ে আনছার আলী (৬০) নামের একজনের মৃত্য হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দামুড়হুদার দশমীপাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন আনছার আলী। গরমের কারণে সন্ধ্যায় বাড়ির ছাদে ঘুমাতে যান তিনি। রাত ১১টা দিকে হঠাত্ ঝড় শুরু হলে তড়িঘড়ি করে নামতে গিয়ে ছাদ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান আনছার আলী। নিহত আনছার আলীর বাড়ি জেলার জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে।