কক্সবাজারে ঐতিহ্যবাহী
বলী খেলা শুরু
প্রকাশ : ০২ মে ২০১৪, ২১:৫৬
কক্সবাজারে ঐতিহ্যবাহী ‘ডিসি সাহেবের বলী খেলা’ ও বৈশাখী মেলা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। জেলা স্টেডিয়ামে ২ দিনব্যাপী এই বলী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ বলী খেলার প্রথম দিন বাংলাদেশ জাতীয় কুস্তি ফেডারেশনের কুস্তিগিরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক কুস্তিগীর অংশ নেন। এটি বলি খেলার ৫৭ তম আসর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সুস্থ বিনোদনের মাধ্যমে কক্সবাজারের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে ঐতিহ্যবাহী এই বলী খেলা ভূমিকা রেখে আসছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ শনিবার খেলার ৩টি ইভেন্টে চট্টগ্রামের জব্বারের বলীখেলায় ১১ বার চ্যাম্পিয়ন রামুর দিদার বলীসহ দেশ সেরা বলীরা অংশ নেবেন। বলী খেলা উপভোগ করতে গতকাল স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এদিকে বলী খেলা উপলক্ষে স্টেডিয়ামের বাইরে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় গ্রামীণ কুটির শিল্প পণ্য বিক্রি, নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৫৬ সালে কক্সবাজারের তত্কালীন সাব ডিভিশনাল অফিসার (এসডিও) মোহাম্মদ জাকারিয়া এই বলী খেলার প্রচলন করেন। তখন আসরটি ‘এসডিও সাহেবের বলী খেলা’ নামে পরিচিত ছিল।