টাঙ্গাইলে তিন অপহূত উদ্ধার গ্রেফতার ১০

দু’টি পৃথক অপহরণের ঘটনায় টাঙ্গাইল ও গাজীপুর থেকে ১০ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহূত তিনজনকে। গাজীপুর থেকে অপহরণের তিনদিন পর টাঙ্গাইল থেকে এক গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে ডিবি পুলিশ। একই সাথে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করে। বুধবার রাতে সদর উপজেলার বেবিস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে অন্য এক ঘটনায় একই জেলার কালিহাতী উপজেলার পাইকরা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় ৪ অপহরণকারীকে। সেখান থেকে উদ্ধার করা হয় এক স্কুলছাত্রসহ অপহূত দুইজনকে। এ সময় একটি মাইক্রোবাসও আটক করে পুলিশ। এ ঘটনায় গাজীপুরের সালনা থেকে অপর অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার চক্রবর্তী জানান, গাজীপুরের কোনাবাড়ির এসকে টেক্সটাইলের গার্মেন্টস কর্মী মোবারক হোসেনকে গত ২৮ এপ্রিল বিকেলে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে তারা দুই লাখ টাকা দাবি করে। পরে মোবারক হোসেনের স্ত্রী লাভলী আক্তার টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা মোবারক হোসেনকে নিয়ে টাঙ্গাইলে আসে। এদিকে লাভলী আক্তার বিষয়টি ডিবি পুলিশকে জানালে টাঙ্গাইলের বেবিস্ট্যান্ড এলাকা থেকে টাকা নেয়ার সময় হাতে নাতে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার ও অপহূতকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জয়নাল আবেদীন, লতিফ মিঞা, আব্দুর রহিম, দীলিপ সূত্রধর ও ফজলুল হক। এরা টাঙ্গাইলের বিভিন্ন এলাকার বাসিন্দা। এব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। অপহূত মোবারক হোসেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নরিল্লা সমতেপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে। এদিকে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গাজীপুরের আশুলিয়ার জামগড়া এলাকা থেকে জয়দেবপুর থানার মীরগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে স্কুলছাত্র একরামুল আলম দিপু ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকরা গ্রামের তোতা মিঞার ছেলে আরিফকে (২৫) একটি চক্র অপহরণ করে নিয়ে যায়। এরপর তাদের পরিবারের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে আরিফের পরিবারের পক্ষ থেকে ২০ হাজার টাকা পাঠানো হয় ও বাকি টাকা দেয়ার জন্য অপহরণকারীদের কালিহাতী উপজেলার পাইকরা গ্রামে আসতে বলা হয়। এদিকে আরিফের বাবা বিষয়টি কালিহাতী থানায় জানালে পাইকরা গ্রামে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করে। উদ্ধার করে দুই অপহূতকে। গতকাল শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গাজীপুর থেকে অপহূত আকরামুল আলম দিপুকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাইকরা থেকে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে ৫ জনকে আটক ও অপহরণের কাজে ব্যবহূত প্রাইভেট কারটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- গাজীপুর মহানগরীর মীরগাঁও এলাকার সামাদ সরকারের ছেলে এরশাদ (২৫), একই এলাকার বোরহান উদ্দিনের ছেলে ইসমাইল (২০), কবিরের ছেলে সবুজ, নীলফামারীর ডুবাছুটি গ্রামের আশাদুর ইসলাম (২০) ও রাজবাড়ি জেলার মৃত খন্দকার সামসুর হকের ছেলে খন্দকার আজিজুর রহমান (৩৪)। প্রেস ব্রিফিং শেষে অপহূত দিপুকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। দিপু সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। মির্জাপুরে নিখোঁজ ব্যবসায়ী ঢাকা থেকে উদ্ধার মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, তিন দিন ধরে নিখোঁজ তরুণ ব্যবসায়ী আব্দুল জব্বারকে (২৮) অবশেষে গতকাল শুক্রবার ঢাকার কাকরাইল এলাকার একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলসহ এলাকায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে। তাকে ফিরে পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে তার পরিবারে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে মির্জাপুর থানার পুলিশ। তবে এটা অপহরণের ঘটনা ছিল কিনা সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না। ভুক্তভোগী জব্বারও এ ব্যাপারে মুখ খুলছেন না। গত মঙ্গলবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে নিখোঁজ হন জব্বার। এ ঘটনায় তার পরিবার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, জব্বারকে উদ্ধার করা হয়েছে এবং সে তার পরিবারের হেফাজতে রয়েছে।