রাজধানীতে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ
প্রকাশ : ০২ মে ২০১৪, ২৩:০৮
বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে যাওয়ার পর নিখোঁজ হয়ে গেছেন মগবাজারের জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা আবু বকর সবুজ। তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় সবুজের বাবা আব্দুর রহিম রমনা থানায় জিডি ও মিরপুর থানায় একটি মামলা করেছেন।
সবুজের স্ত্রী সানজিদা আফরিন মিরপুর থানায় একটি জিডি করেছেন। সবুজকে উদ্ধারের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব-৪ এর কার্যালয়েও আবেদন করা হয়েছে। গতকাল শুক্রবার সবুজের পরিবারের সদস্যরা বিভিন্ন সংবাদপত্র অফিসে গিয়ে তাকে উদ্ধারের আবেদন করেন।
সবুজের পিতা আব্দুর রহিম জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ৫ নম্বর লেনের ২৫ নম্বর বাড়ির দোতলায় তিনি সপরিবারে থাকেন। তার ছেলে সবুজ মগবাজারের ৭০১, এসকে টাওয়ারে অবস্থিত জাজ মাল্টি মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা।
গত ২৬ এপ্রিল সকাল ১০টায় প্রতিষ্ঠানের উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। সকাল ১১টায় সবুজের স্ত্রী সানজিদা আফরিন মোবাইল ফোনে কল করে দেখেন তার স্বামীর ৩টি মোবাইল ফোনই বন্ধ। পরে তিনি অফিসে যোগাযোগ করে জানতে পারেন তার ছেলে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনেক খোঁজ করার পর ২৭ এপ্রিল রমনা থানায় তিনি একটি জিডি করেন। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, সবুজকে উদ্ধারের ব্যাপারে প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে।