বাংলাদেশের নীতিতে ভারতের তীব্র প্রভাব
প্রকাশ : ০২ মে ২০১৪, ২৩:১১
বাংলাদেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে অঞ্চলিক ক্ষমতাধর দেশের বিশেষ করে ভারতের তীব্র প্রভাব রয়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ বিষয়ক বার্ষিক প্রতিবেদন-২০১৩ তে এ কথা বলা হয়েছে। বৃহস্পতিবার প্রতিবেদনটি কংগ্রেসে জমা দেয়া হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়, বিগত বছরগুলোতে ভারত-বাংলাদেশের সম্পর্ক আন্তঃরাষ্ট্রীয় হুমকির পথ উন্মুক্ত করেছিলো। কিন্তু বর্তমান সরকার আর্থিক অপরাধ তদন্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধসহ সন্ত্রাসবিরোধী আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে। সার্কের আওতায় কয়েকটি সন্ত্রাসবিরোধী প্রটোকলে বাংলাদেশ একটি পক্ষ। দেশটি বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে। এতে আরো বলা হয়, বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ ও আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসী সংগঠনগুলো দমনে রাজনৈতিক আগ্রহ ও দায়িত্বপূর্ণ ভূমিকা দেখিয়েছে। যে কারণে আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসীদের জন্য বাংলাদেশকে একটি নিরাপদ স্থলে পরিণত করা কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সন্ত্রাসবিরোধী সহযোগিতা চুক্তি করেছে, যার ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কও উন্নত হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় সন্ত্রাসবাদ বিরোধী আইন-২০০৯ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। দেশটির অইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সক্ষমতা বাড়াতেও যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে।
সহিংস সন্ত্রাসবাদ দমনে বিশেষ করে তরুণদের দূরে রাখতে কাজ করছে বাংলাদেশ। এজন্য মাদ্রাসার শিক্ষাক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আনছে। এছাড়া সহিংস ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে দাঁড় করাতে নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ-সুবিধাও বাড়াচ্ছে দেশটির সরকার।