গুম ও অপহরণের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন
প্রকাশ : ০২ মে ২০১৪, ২৩:১১
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক উন্নয়নের পথে থাকা বাংলাদেশের অগ্রগতি দুর্বল ও ক্ষণস্থায়ী হবে। গত বুধবার ‘হাউস ফরেন এফেয়ার্স কমিটি’র এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক উপ-কমিটির এক শুনানিতে তিনি এ কথা বলেন। এসময় বাংলাদেশে চলমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অপহরণের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করা হয় বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
বিসওয়ালের বরাত দিয়ে পিটিআই’র প্রতিবেদনে বলা হয়, দেশটিতে বছরের প্রথমদিকে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে। এই নির্বাচন নিয়ে বিরোধী দল, স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুনানিতে নিশা দেশাই বলেন, বাংলাদেশের রাজনীতিতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা দেশটির সরকারকে চাপ দিয়ে আসছি। কারণ আমরা বিশ্বাস করি, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক ক্ষেত্রে সকল অর্জন, উন্নয়নের পথে সব অগ্রগতি দুর্বল হয়ে পড়বে এবং দীর্ঘমেয়াদের জন্য তা টেকসই হবে না।
শুনানিকালে গ্রামীণ ব্যাংক ইস্যুতে নিশা বলেন, ব্যাংকটির স্বাধীনতা, কার্যকারিতা ও অখণ্ডতা রক্ষার গুরুত্বের বিষয়টি আমরা বারবার জোরালোভাবে দেশটির সরকারকে বলে আসছি। ‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তার অগ্রাধিকারের মূল্যায়ন’ শীর্ষক এই শুনানিতে তিনি আরো বলেন, রানা প্লাজা ধসের এক বছর পর দেশটিতে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অগ্রগতি হয়েছে। তবে এখনো আরো কাজ করতে হবে।
শুনানিতে ইউএসএআইডি’র এশিয়া ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী প্রশাসক ডেনিস রোলিন্স বলেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক ধারা বিকাশের এক ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে। অংশগ্রহণমূলক ও সম্মিলিত রাজনীতির পুনঃপ্রতিশ্রুতি না থাকায় দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবারো পতনের ঝুঁকিতে রয়েছে। তবে তিনি বলেন, গণতান্ত্রিক ঐতিহ্য ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে।