কালিয়াকৈরে দুই ভাইয়ের অপহরণকারীদের আটক করতে পারেনি পুলিশ

উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টান সূত্রাপুর গ্রাম থেকে অপহূত সংখ্যালঘু পরিবারের দুই সহোদর ভাই অপহরণকারীদের গত চারদিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই নিয়ে ওই সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অপহরণের ১৬ ঘন্টা পর পুলিশ অপহূত দুই ভাই কেদারী চন্দ্র সরকার ও ঝিলমোহন চন্দ্র সরকারকে চোখ বাঁধা অবস্থায় গত সোমবার রাতে কালিয়াকৈর-নবীনগর সড়কের উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টান সূত্রাপুর মৌজায় ডিভাইন গ্রুপ ও জিএমএস গ্রুপ নামে দুইটি কোম্পানী ওই দুই ভাইয়ের মালিকানাধীন একটি জমি তাদের কাছে বিক্রি করার জন্য বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকী প্রদান করে আসছিল। এ ব্যপারে অপহূতের বড় ভাই জিতেন মোহন সরকার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ওসি জানান, বিভিন্ন সূত্র ধরে ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন আসামী সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার করতে পারলেই সব তথ্য জানা যাবে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে আসামীদের নাম বলা যাচ্ছে না।