অপহরণে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামে ২ পুলিশ গ্রেফতার
প্রকাশ : ০২ মে ২০১৪, ২৩:১৮
কুড়িগ্রামের এক এনজিও কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কনস্টেবলসহ ডিবি পুলিশের এক সোর্সকে গ্রেফতার করা হয়েছে। মইদুল ইসলাম নামের এই কর্মকর্তাকে বুধবার সন্ধ্যায় অপহরণ করা হয়।
পুলিশ সুত্র জানায়, ছোট ভাইয়ের সঙ্গে দেখা করে মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় তিনি অপহরণের শিকার হন। তার বাড়ি রৌমারী উপজেলার পোরারচর গ্রামে। পরে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। মইদুলের ভাই বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
কুড়িগ্রাম পৌরবাজারের একটি বিকাশের এজেন্টের কাউন্টার থেকে টাকা উত্তোলনের সময় বৃহস্পতিবার ডিবি পুলিশের কনস্টেবল আতিকুজ্জামান, কুড়িগ্রাম কোর্টে কর্মরত কনস্টেবল মামুনুর রশিদ ও তাদের সোর্স মনু মিয়াকে আটক করে পুলিশ। পরে মইদুল ইসলামের ভাই লিটন মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। মইদুলের ছোট ভাই লিটন জানান, তার ভাইকে অস্ত্রের মুখে অপহরণ করে সদরের মোগলবাসা এলাকায় একটি বাড়িতে আটকে রাখে অপহরণকারীরা। এরপর টাকার জন্য তাকে ফোন করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, এটি অপহরণ নয়, স্রেফ চাঁদাবাজির ঘটনা।