মোদীর বিরুদ্ধে প্রচারে নামছেন দুই ধর্মগুরু

মুসলিমদের মত হিন্দু ধর্মগুরুদের মধ্যেও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরোধিতা বাড়ছে। বেনারসে মোদীর বিরুদ্ধে প্রচারে নামতে চলেছেন পুরীর শঙ্করাচার্য স্বামী অধ্যক্ষানন্দ দেবতীর্থ এবং দ্বারকার শঙ্করাচার্য স্বামী স্বরুপানন্দ সরস্বতী। ২০০২-র গুজরাট দাঙ্গায় মোদীকে দায়ী করে পুরীর শঙ্করাচার্য বেনারসে প্রচারে নামবেন। আর মোদীর দীর্ঘদিনের সমালোচক স্বামী স্বরুপানন্দ সম্প্রতি বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর সমর্থকদের হর হর মোদী স্লোগানে বেজায় ক্ষিপ্ত। হর হর মহাদেব-এর আদলে যেভাবে হর হর মোদী স্লোগান তোলা হয়েছে তাতে মন্ত্রটির মর্যাদাহানি হয়েছে বলে মনে করছেন দ্বারকার শঙ্করাচার্য। যদিও অশীতিপর এই শঙ্করাচার্য শরীর ও বয়সজনিত কারণে বারানসীতে সশরীরে যেতে পারবেন না। তাঁর এক সহযোগী মোদীর বিরোধিতার বার্তা নিয়ে বেনারসে যাবেন। উল্লেখ্য, বেনারস আসন থেকে ভোটে লড়ছেন মোদী। পুরীর শঙ্করাচার্য বলেছেন, বারানসীতে গিয়ে তিনি ‘কুখ্যাত অপরাধী’ মোদীর মুখোশ খুলে দেবেন।