জুনের প্রথম সপ্তাহে পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া সম্ভব হবে

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে। জুন মাসের শেষ সপ্তাহে কার্যাদেশ দেবার কথা থাকলেও এখন জুন মাসের প্রথম সপ্তাহেই দেয়া সম্ভব হবে এ কার্যাদেশ। চায়না মেজর ব্রিজ এই কার্যাদেশ পেতে যাচ্ছে। তবে এখনো যাচাই-বাছাইয়ের বিষয় রয়েছে। জাতীয় স্বার্থের বিরুদ্ধে চায়না মেজর ব্রিজের প্রস্তাব না গেলে তারাই এ কাজ পেতে যাচ্ছে। জেলার লৌহজং উপজেলায় মাওয়া পদ্মা সেতু রেস্ট হাউজে গতকাল শুক্রবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাওয়া এপ্রোজ রোডের কাজ অনেকাংশে এগিয়ে গেছে। জুনের মধ্যে মূল ব্রিজের কার্যাদেশ দেয়ার কারণে মাওয়া ঘাটকে জরুরি ভিত্তিতে আপাতত শিমুলিয়া বাজারের কাছে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, মাওয়া তীর রক্ষা বাঁধের কাজ প্রায় শেষ। ১ শ ৩৯ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে সেনাবাহিনী ইতিমধ্যে ১৪ লাখ জিও ব্যাগের মধ্যে ১০ লাখ নদীতে ফেলেছে। আগামী ৩/৪ দিনের মধ্যে বাকি জিও ব্যাগ ফেলা শেষ হবে। আাাগামী ১ সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের কাজকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এজন্য আগামী ২৯ মে প্রকল্পে নদী শাসনের কাজের আর্থিক প্রস্তাব দাখিল করবে ৪টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—চায়নার সিনো হাইড্রো, কোরিয়ার হোন্দাই ইঞ্জিনিয়ারিং এ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি, বেলজিয়ামের জান্ডিনোল এবং নেদারল্যান্ডের ভ্যানওড। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭ হাজার কোটি টাকা। এছাড়া মাওয়া থেকে বাবু বাজার ব্রিজ পর্যন্ত মহাসড়ককে ৪ লেনে উন্নীত করা হবে।