কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ২০
কুমিল্লা প্রতিনিধি ও মনোহরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০২ মে ২০১৪, ২৩:২১
উপজেলার হাসনাবাদ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে এক ছাত্রলীগ কর্মীর পা কেটে ফেলে প্রতিপক্ষদলের কর্মীরা। গত দুই দিনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার হাসনাবাদ বাজারে একটি চা দোকানে বসা নিয়ে স্থানীয় আশিয়াদারী গ্রামের দক্ষিণপাড়া ও উত্তরপাড়ার আওয়ামী লীগ কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের সংঘর্ষে পাঁচজন আহত হয়। পরদিন বৃহস্পতিবার আশিয়াদারী দক্ষিণপাড়া এলাকার দুই কর্মীকে উত্তরপাড়া এলাকার আওয়ামী লীগের কর্মীরা মারধর করে। এসময় তারা আওয়ামী লীগ কর্মীরা কুপিয়ে ছাত্রলীগ কর্মী জুয়েলের পা কেটে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল শুক্রবার ওই ঘটনায় ফের হাসনাবাদ বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে দোকানপাট ভাংচুর করা হয়। উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। মনোহরগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।