দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে
প্রকাশ : ০২ মে ২০১৪, ২৩:২২
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ কঠিন সময় উত্তরণে পেশাজীবীদের সময়োচিত পদক্ষেপ নিতে হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় মনিটর ও কো-অর্ডিনেটর সম্মেলনে টেলিকনফারেন্সে একথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম পর্যালোচনা করতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়। এতে ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সমন্বয়কারীরা তাদের কার্যক্রম তুলে ধরেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান টেলিকনফারেন্সের মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
পেশাজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফাউন্ডেশনের কাজকে আরও জনকল্যাণমূলক করবেন বলে আমি বিশ্বাস করি। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ করে ফাউন্ডেশনকে সবার সামনে ব্যতিক্রমী সংগঠন হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কার্যক্রমকে সঠিকভাবে মূল্যায়ন করতে একটি রিসার্চ সেল গঠনেরও পরামর্শ দেন খালেদা জিয়ার বড় ছেলে।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সঞ্চালনায় এ সভায় তারেক রহমানের সামনে রিপোর্ট ও পরিচিতি তুলে ধরেন অধ্যাপক ড. আবদুর রশিদ, শহিদুর রহমান, ইঞ্জিনিয়ার আলী মর্তুজা প্রমূখ।