২৫ টাকার জন্য শ্রমিক খুন

জেলায় ২৫ টাকার জন্য নূর আলম সঞ্জু (১৮) নামের এক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে মাদকসেবী বন্ধুরা। সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকার নির্মিতব্য ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন একটি ডোবা থেকে গত বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ আসলাম ও রায়হান নামের দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে। নিহত নূর আলম সঞ্জুর বাড়ি ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগে। তিনি বিসিক শিল্পনগরীর ফেয়ার নিট গার্মেন্টের শ্রমিক ছিলেন। ফতুল্লা মডেল থানার এসআই জানান, গত বুধবার সকালে লাশ উদ্ধারের পরে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসলাম ও রায়হানকে গ্রেফতার করা হলে তারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে। তারা জানায়, নূর আলমের সঙ্গে তারা মাদক সেবন করতো। তার কাছে আসলামের ২৫ টাকা পাওনা ছিল। ওই টাকা নিয়ে বিরোধের জের ধরে আসলাম, রায়হানসহ ৭ জন পূর্ব পরিকল্পিতভাবে গত ২৭ এপ্রিল সঞ্জুকে বাড়ি থেকে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করে বিসিক শিল্পনগরী সংলগ্ন ডোবাতে লাশটি ফেলে দেয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে নিহতের পিতা আব্দুস সাত্তার মিয়া বাদী হয়ে ওই সাতজনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগপত্র দিয়েছেন। ওই অভিযোগটি মামলার সঙ্গে সংযুক্ত হবে বলে ওসি জানিয়েছেন।