গল্প নয় সত্যি

মাছের জন্য গাড়ি

মানুষদের যেমন জলপথে ভেসে বেড়াতে ইচ্ছে করে তেমনি মাছেদেরও কি ইচ্ছা করতে পারে না মানুষের মতো স্থলপথে ঘুরে বেড়াতে। কিন্তু আফসোস, মানুষের ইচ্ছা পূূরণের জন্য অনেক আর প্রকৌশলী থাকলেও আজতক মাছেদের জন্য এমন ভাবনা ভাবার কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর এই শূন্যতা দূর করতেই কি না কে জানে, এবার কিন্তু সত্যি সত্যি মাছেদের জন্য একখানা জলভর্তি স্থলযান উদ্ভাবন করেছে একদল ডাচ ডিজাইনার। স্টুডিও ডিপ নামের এই ডিজাইনার প্রতিষ্ঠানটি গোল্ডফিশের জন্য এমন একটি অ্যাকুরিয়াম তৈরি করেছে যেটি গোল্ডফিশটির ইচ্ছাতেই ঘরের বিভিন্ন স্থানে চলাফেরা করতে পারবে। বিষয়টি কীভাবে কাজ করবে তা ব্যাখ্যা করতে যেয়ে স্টুডিও ডিপের কো-ফাউন্ডার থমাস ডি উলফ জানান, অ্যাকুরিয়ামের মধ্যে একটি গোল্ডফিশ যখন নির্দিষ্ট কোনো একটি দিকে সাঁতার কাটে তখন অ্যাকুরিয়ামের ওপর স্থাপন করা ক্যামেরায় সেটি ধরা পড়ে। আর এই ক্যামেরা থেকেই সংকেত পাঠানো হয় অ্যাকুরিয়ামকে চলার শক্তি যোগানো মোটরটিতে। ফলে মুহূর্তের মধ্যেই গোল্ডফিশটির সাঁতারের দিকটি ক্যামেরা আর মোটর হয়ে অ্যাকুরিয়াম গাড়ির চাকায় পৌঁছে অ্যাকুরিয়ামটিকে নির্দিষ্ট দিকে চালিত করে। থমাস আরও জানান, এই অ্যাকুরিয়াম গাড়িটির মাধ্যমে এতদিন ধরে অ্যাকুরিয়ামের ছোট্ট জলাধারে আটকে থাকা মাছেদের জন্য অন্তত কিছুটা হলেও স্বাধীনতার বন্দোবস্ত করা হলো। এদিকে ক্রাউড ফান্ডিং বা অনলাইনে সমন্বিত অর্থায়নের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ নিয়ে এগুতে থাকা এই প্রকল্পটি সাড়া জাগিয়েছে নেটিজেনদের মাঝেও। একমাসে মোট ৩২,০০০ পাউন্ড অর্থ সংগ্রহের লক্ষ নিয়ে যাত্রা শুরু করা প্রকল্পটি মাত্র চারদিনেই কমপক্ষে ৭০ জন সমর্থক আর ৩,৬০০ পাউন্ডের তহবিল যোগাতে সক্ষম হয়েছে।