এবারে
মীমের নায়ক
জিত্
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২০:১১
অনন্য মামুন আর অশোক ধানুকার যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ নিয়ে রীতিমতো হৈচৈ চললেও শেষপর্যন্ত ছবিটি দেশে মুক্তি পাবে কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা। জানা গেছে, ছবিটির কলকাতার প্রমোশন পোস্টারেও অনন্য মামুনের নাম নেই। এ অবস্থায় মামুন তার নতুন যৌথ চলচ্চিত্রের পাত্র - পাত্রী ঠিক করছেন। এর ভেতরে তার আগামী ছবির নায়ক-নায়িকার নাম ঘোষণার অপেক্ষায় রয়েছে। নতুন এই চলচ্চিত্রের পাত্র-পাত্রী হিসেবে থাকছেন কলকাতার জিত্ ও বাংলাদেশের বিদ্যা সিনহা মীম। তবে আনুষ্ঠানিকভাবে লিখিত চুক্তির ঘটনা এখনও ঘটেনি। মৌখিকভাবেই বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আসলে কোনো বড় কাজ করলে একটু ঝামেলা হবেই। প্রথম যৌথ কাজ করছি। কিছু ভুল-ভ্রান্তি থাকবেই। তবে এভাবে আমার ছবিটি এবং আমাকে নিয়ে মিডিয়ায় যা লেখা ছাপা হচ্ছে, তা পুরোপুরি সত্য নয়। যাই হোক আমি আমাদের চলচ্চিত্রের উন্নয়নেই কাজ করছি। সেটিই করে যাবো।’ এদিকে জিত্-এর সাথে মীমকে সিলেক্ট করে নতুন ছবি প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘আমরা বেশ ক’টি অপশন রেখেছিলাম। পরে জিত্ থেকে শুরু করে কলকাতার টিম মীমকেই সিলেক্ট করেন। এবং এই ছবিতে বাংলাদেশি কারিগরি সহযোগিতা ও আর্টিস্ট ব্যবহার করা হবে।’ এদিকে মীম জানান, ‘এখন পর্যন্ত মৌখিকভাবেই বিষয়টি শুনছি। তবে লিখিতভাবে চূড়ান্ত চুক্তি হলেই হয়তো ছবিটি করব।’