তিন গোয়েন্দা
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২০:১২
রকিব হাসানের জনপ্রিয় গোয়েন্দা রহস্যগল্প ‘তিন গোয়েন্দা’ নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করছে মাছরাঙা টেলিভিশন। নাটকে তিন গোয়েন্দার মূল তিন চরিত্রে থাকবে কিশোর, মুসা ও রবিন। নাম ভূমিকায় অভিনয়ের জন্য তিনজন নতুন মুখের সন্ধানে অডিশনের আয়োজন করে মাছরাঙা। কয়েক দফা অডিশন শেষে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এরপর তাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে গ্রুমিং সেশন। সেখান থেকে সেরা তিনজনকে নির্বাচন করা হয়। এই তিনজনকেই দেখা যাবে তিন গোয়েন্দার ভূমিকায়। তবে সেরা ১০-এর বাকি ৭ জন অন্যান্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। বর্তমানে তাদের মহড়া চলছে। ১৪ মে থেকে ‘তিন গোয়েন্দা’র শুটিং শুরু হবে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন লোকেশনে। হরলিক্স নিবেদিত ধারাবাহিক ‘তিন গোয়েন্দা’র কাহিনী বিন্যাস ও নাট্যরূপ দিয়েছেন মাজহারুল হক পিন্টু। চিত্রনাট্য ও পরিচালনা করছেন আবুল হোসেন খোকন।