‘দক্ষিণ সুদানে শান্তি আলোচনায় বসতে রাজি বিদ্রোহীরা’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং বিদ্রোহী নেতা রিক মাচার উভয়েই দেশটির বর্তমান সংকট নিরসনে সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছেন। আফ্রিকার কয়েকটি দেশে সফরে থাকা কেরি শুক্রবার এ কথা বলেন। কেরি বলেন, আমরা বিবদমান দুই পক্ষকে সামনাসামনি আলোচনায় বসার জন্য অনেক চাপ প্রয়োগ করেছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহবান জানিয়েছি সেখানে অবরোধ আরোপ করতে যাতে করে দক্ষিণ সুদানে আর কোন প্রাণহানি বা হানাহানির ঘটনা না ঘটে। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া সংঘাতের পর তাদের মধ্যে এ বৈঠকটি হবে প্রথম সরাসরি কোন বৈঠক। আশা করা হচ্ছে এর মাধ্যমে সমস্যার একটা গ্রহণযোগ্য সমাধান হবে।