গার্হস্থ্য অর্থনীতি কলেজে ধর্মঘট

অনার্সের ফল প্রকাশের আগেই মাস্টার্স ক্লাসের দাবি

অনার্স পরীক্ষা শেষ হওয়ার পরই মাস্টার্সের ক্লাস শুরুর দাবি জানিয়েছেন রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।এ দাবি বাস্তবায়নে তারা শনিবার ধর্মঘট পালন করেছে। গতকাল সকালে কলেজ প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। প্রায় তিন ঘন্টা ধর্মঘট পালনের পর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইফ্ফাত আরা নার্গিসের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করেন তারা। কলেজের শিক্ষার্থী সৈয়দা শাহেদা ফাতেমা জানান, চার বছরের অনার্স শেষ করতে তাদের ছয় বছর সময় পেরোতে হয়। মাস্টার্সের ক্লাস শুরু করতে হয় অনার্স পরীক্ষার ফল প্রকাশের পর। ফল প্রকাশ হতেও অনেক সময় লাগে। এতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, আগামী ১৫ মে থেকে মাস্টার্সের ক্লাস শুরু করার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতেই ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। কলেজের অধ্যক্ষ ইফ্ফাত আরা নার্গিস বলেন, ছাত্রীদের দাবি যৌক্তিক। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।