১৪শ’ বিঘা জমিতে আমন চাষ না হওয়ার আশংকা
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:১৫
কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনার বিলের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা এখনো গ্রহণ না করায় এবারও কৃষকরা তাদের জমিতে আমন ফসল উত্পাদন করতে পারবে না বলে সংশয় প্রকাশ করেছে।
উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কালনা মৌজায় এ বিলে প্রায় ১৪শ’ বিঘা আবাদযোগ্য জমি রয়েছে। আইলার পর থেকে এলাকায় কৃষকরা কোন ফসল উত্পাদন করতে পারেনি। বিগত বছর থেকে এ জনপদে অনেক এলাকায় আমন ও বোরো মৌসুমে ধানসহ অন্য চাষাবাদ করতে পারলেও কালনার বিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষকরা ফসল লাগাতে পারছে না।
স্থানীয় কৃষক আয়ুব আলী জানায়, এ এলাকার পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় তাদের এ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বর্ষা মৌসুমে এই বিল এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। যে কারণে অকেজো স্লুইজ গেটগুলো সংস্কারের পাশাপাশি কালভার্ট নির্মাণ করতে পারলে কৃষকরা পুনরায় ফসল উত্পাদন করতে পারত।
উপজেলা কৃষি অফিসার মোঃ শরীফ ইকবাল জানিয়েছেন, বিশাল এ বিলে এলাকার কৃষকরা ফসল উত্পাদন করতে পারলে কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তিনি আরো বলেন, পাউবোর কর্তৃপক্ষকে স্লুইজ গেটগুলো সংস্কারের কথা বার বার বলা হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।