বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ছয়জন নিহত
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:১৭
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক দুর্ঘটনায় ছয় জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মধুখালীতে কাঠ ব্যবসায়ী নিহত
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজার এলাকায় গতকাল শনিবার সিমেন্ট ভর্তি ট্রাকের সামনের ডান চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রনজিত চৌধুরী (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ী মারা গেছেন। হাইওয়ে পুলিশ রনজিতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কচ্ছপিয়ায় হাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু
কক্সবাজার রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বরঘোনা এলাকায় বন্য হাতির আক্রমণে গত শুক্রবার সোনা মেহের (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। জানা যায়, ঘটনার দিন রাতে গৃহবধূ ও তার স্বামী টং ঘরে বসে ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। এ সময় বন্যহাতির পাল আক্রমণ করলে স্বামী বাঁচলেও স্ত্রী সানা মেহের একটি হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ফুটানি বাজার এলাকায় শুক্রবার বিকালে পানিতে ডুবে সুমনা (৯) ও টিনা (৮) নামে দুই শিশু মারা গেছে। নিহত সুমনা উপজেলার পশ্চিমতাইড় গ্রামের বাপ্পি মিয়ার মেয়ে এবং টিনা একই এলাকার বাবু মিয়ার মেয়ে। সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
মুন্সীগঞ্জে কারেন্ট জালে জড়িয়ে যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পানিতে ডুবে অহিদ ব্যাপারী (৩৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার দোরাবতি গ্রামে এ ঘটনা ঘটে। অহিদের বন্ধু দ্বীন ইসলাম জানান, তারা আলু মাপার শ্রমিক হিসেবে কাজ করে। কাজ শেষে কয়েক বন্ধু বাড়ির পাশের দীঘিতে গোসল করতে যান। সে সময় অহিদ পানিতে ডুব দিলে অনেকক্ষণ পর সবাই উঠলেও অহিদ আর পানি থেকে উঠেনি। তাকে না দেখে বন্ধুরা পানির নিচে খুঁজতে থাকে। পরে সেখানে মাছ ধরার জন্য পেতে রাখা কারেন্ট জালে তাকে আটকে পড়া অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিত্সক ডা. হরিদাস তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জে ট্রাক চালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা ব্রিজ এলাকায় গত শুক্রবার রাতে বাস ও ট্রাকের সংঘর্ষে মকবুল হোসেন (৩৫) নামে এক ট্রাক চালক নিহত ও আরো ২২ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, এ নিয়ে থানায় মামলা হয়েছে।
জীবননগরে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
চুয়াডাঙ্গা উপজেলার দেহাটিতে গত শুক্রবার বিদ্যুত্স্পৃষ্টে রাসেল হোসেন (১৭) নামে এক শ্রমিক মারা গেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক খুঁটি নির্মাণের ফ্যাক্টরির ম্যানেজার রাসেলকে কাঁচা আম পাড়ার জন্য বলেন। রাসেল রড দিয়ে আম পাড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে। সে গাছ হতে ছিটকে বাউন্ডারির কাঁটাতারের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় শ্রমিকরা মিলের ম্যানেজারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিলটি ভাংচুর করে।