নিখোঁজ ইটভাটা মালিক ৬ দিন পর উদ্ধার

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকার মেসার্স এম.এস.এফ ব্রিকস ফিল্ড নামক ইটভাটা মালিক কাউসার মিয়াকে (৪২) গতকাল শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। সে গত ২৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিল। কাউসার মিয়ার স্ত্রী নাছরিন আক্তার জানান, ইট বিক্রির বকেয়া টাকা উত্তোলনের জন্য রূপগঞ্জের খৈসাইর এলাকা থেকে আড়াইহাজার বাজারের ব্যবসায়ী রুহুল আমিনের দোকানে যাওয়ার পথে কাউসার মিয়া নিখোঁজ হয়। তাকে অপহরণ করা হয়েছিল বলেই তিনি অভিযোগ করেন। এ ঘটনায় নাছরিন আক্তার বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারণে পুলিশ নথিভুক্ত করেনি। খবর পেয়ে ৬ দিন পর অজ্ঞান অবস্থায় নরসিংদী জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। চিকিত্সকরা নিখোঁজের পরিবারকে জানিয়েছেন ৩ দিন আগে কয়েকজন লোক কাউসার মিয়াকে হাসপাতালে রেখে চলে যায়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ব্যবসায়ী কাউসার মিয়া কোনো অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।