ঝিনাইগাতী আ’ লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:১৯
নালিতাবাড়ী সভাপতিকে অব্যাহতি
উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করা এবং ফলাফল বিপর্যয়ের কারণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিলকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত বুধবার শেরপুর জেলা আওয়ামী লীগের সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলা নির্বাচনের ফলাফল পর্যালোচনা, দলীয় প্রার্থীর বিপর্যয়ের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যত্ করণীয় নিয়ে বুধবার শহরের নিপুন কমিউনিটি সেন্টারে শেরপুর জেলা আওয়ামী লীগের এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় ছয়ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার এ সভায় ২৭ জন নেতা বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এ সভায় সভাপতিত্ব করেন। এতে ৭১ সদস্যবিশিষ্ট কমিটির ৬০ জন উপস্থিত ছিলেন। শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।