গ্রেফতার আতংকে নাসিরনগরে তিনটি গ্রাম পুরুষশূন্য
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:২০
নাসিরনগর উপজেলার চৈয়ারকুড়ি বাজারে সিএনজি অটোরিকশার স্ট্যান্ডের আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হওয়ার মামলাসহ তিন মামলায় নুরপুর, লাহাজুরা ও পুকুরপাড় পুরুষশূন্য হয়ে পড়েছে। এর মধ্যে পুলিশ ২০ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চৈয়ারকুড়ি বাজারে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড নিয়ে পূর্ব বিরোধের জের ধরে জেঠা গ্রামের মো. সাজিদ মিয়া ও নূরপুর গ্রামের মো. এমরান মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ২৩ এপ্রিল উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। নাসিরনগর থানা পুলিশসহ জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ ও র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ও ২ রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে জেঠা গ্রামের আতিকুর রহমান খসরু বাদী হয়ে ৩০ জনকে আসামি করে লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে জেঠা গ্রামের মো. সাজিদ মিয়া বাদী হয়ে ২৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের করেছে। মোট তিনটি মামলার পর থেকে নুরপুর গ্রামসহ লাহাজুরা ও পুকুরপাড়ের পুরুষরা গ্রেফতার আতংকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। মহিলারাও রয়েছেন আতংকে।