৭০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে উত্তরায় হোটেল মালিক অপহরণ
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২৩:১৬
রাজধানীর উত্তরায় ৭০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার মুক্তিপণের দাবিতে এক হোটেল ব্যবসায়ী অপহূত হয়েছেন। অপহূত হোটেল ব্যবসায়ীর নাম জসিম উদ্দিন (২৮)। উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির নীচতলায় ঢাকা খাবার হোটেলে যাওয়ার পথে গত বুধবার সকালে আব্দুল্লাহপুরের একটি চায়ের দোকান থেকে তিনি অপহূত হন। পুলিশ দাবি, জসিমের বন্ধুরাই তাকে কৌশলে সিরাজগঞ্জে ডেকে নিয়ে আটকে রেখেছে। এছাড়া চরমপন্থী একটি সংগঠনের সদস্যরা তাকে অপহরণ করেছে বলে তুরাগ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন দাবি করেন। এ ঘটনায় অপহূতের পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি ও তুরাগ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
অপহূতের পারিবারিক সূত্র জানা যায়, তুরাগের ধউর এলাকায় জসিম উদ্দিনের বাড়ি। তিনি উত্তরা ৩ নম্বর সেক্টরের আমির কমপ্লেক্সের পেছনে ঢাকা খাবার হোটেলের মালিক। হোটেলে যাওয়ার জন্য গত বুধবার সকালে তিনি বাসা থেকে বের হন। ঐ দিন দুপুর ৩ টার দিকে হোটেল ম্যানেজার তৌহিদ মালিক জসিমের বাবা খলিলুর রহমানের মোবাইল ফোনে কল করে জানান যে, জসিম হোটেলে আসেননি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনার পর খলিলুর রহমান ঐ দিন উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন। ঘটনার পরদিন গত বৃহস্পতিবার সকালে খলিলুর রহমানের মোবাইল ফোনে জনৈক মোহাম্মদ আলী নিজেকে জসিমের বন্ধু পরিচয় দিয়ে জানান যে, জসিম তাদের কাছে রয়েছে। তাকে পেতে হলে ৭০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার দিতে হবে। এরপর ছেলের অপহরণের খবরে খলিলুর রহমান গত বৃহস্পতিবার সন্ধ্যায় তুরাগ থানায় একটি অপহরণ মামলা করেন।
তুরাগ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, জসিমের বন্ধুরাই তাকে অপহরণ করেছে। মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে ধারণা করা হচ্ছে, সিরাজগঞ্জের চরাঞ্চলের কোন এলাকায় তাকে আটকে রাখা হয়েছে। তাকে উদ্ধারের জন্য সিরাজগঞ্জে অভিযান চালানো হচ্ছে।