ত্রিশালে জঙ্গি ছিনতাই ঘটনায় গাজীপুরে জেএমবি সদস্য আটক

ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আরো এক জেএমবি সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। আটক জেএমবি সদস্যের নাম খোরশেদ আলম। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশালের সাউদকান্দা এলাকায়। গতকাল শনিবার ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জেএমবি সদস্য খোরশেদ আলম জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি যুক্ত ছিল বলে র্যাব জানিয়েছে। র্যাব-১ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে জেএমবি সদস্য খোরশেদ নিজ এলাকা ছেড়ে গাজীপুর, সাভারসহ আশপাশের এলাকায় অবস্থান করছিল। র্যাবও তার গতিবিধির ওপর নজরদারি করে আসছিল। গত শুক্রবার রাতে কোনাবাড়ি শিল্প এলাকার এক বাড়িতে খোরশেদ অবস্থান করছে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেয়ার পথে ময়মনসিংহের ত্রিশালে জঙ্গিরা কমান্ডো স্টাইলে হামলা করে। এ সময় জঙ্গিদের গুলিতে নিহত হন এক কনস্টেবল। ছিনিয়ে নেয়া তিনজনই জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা। এরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি ও রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ এবং যাবজ্জীবন সাজার আসামি জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান। ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাকিবুল নিহত হন। এখনও ধরা পড়েননি জঙ্গি সালাউদ্দিন ও জাহিদুল।