৪৮ ঘণ্টা বিদ্যুিবহীন রাজশাহী ভার্সিটিতে ভূতুড়ে ক্যাম্পাস
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২৩:২২
উত্তরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূতুড়ে ক্যাম্পাসে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত টানা দু’দিন, দু’রাত (প্রায় ৪৮ ঘন্টা) ধরে বিদ্যুত্হীন রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, আপ্রাণ চেষ্টার পরও ক্যাম্পাসে বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার রাত ৯টায় রাজশাহীতে ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রায় আধ ঘন্টার ঝড়ের পর থেকে বিদ্যুত্হীন অবস্থায় বসবাস করছেন প্রায় ১২ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। তারা টানা দু’রাত, দু’দিন পার করলেন বিদ্যুিবহীন অবস্থায়। শিক্ষার্থীরা অন্ধকার ক্যাম্পাসকে নাম দিয়েছেন ভূতুড়ে ক্যাম্পাস।
ওই রাতে ঝড়ের গতিবেগ বেশি থাকায় অজস্র বৃক্ষরাজিতে পরিপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লণ্ডভণ্ড হয়ে পড়ে। ঝড়ে ক্যাম্পাসের ঐতিহ্যবাহী প্যারিস রোডের গগণসিঁড়ির ৭টি গাছ, আরও ১০টি বড় গাছের অসংখ্য ডালপালাসহ অন্তত অর্ধশতাধিক গাছ ভেঙ্গে পড়েছে। ঝড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শত শত গাছের অপরিপক্ব আম ও লিচু ঝরে পড়েছে। চেষ্টা সত্ত্বেও দুই দিন-দুই রাতেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুত্ সংযোগ চালু করা সম্ভব হয়নি। বিদ্যুত্ না থাকায় ক্যাম্পাসে পানি ও রান্না করা খাবারের তীব্র অভাবে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তত ১২ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং পরিবার।