৭৮ বছর পর দুই যমজ বোনের সাক্ষাত্
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২৩:২২
বলা হয়, কেউ হারিয়ে গেলে তার খোঁজ একদিন না একদিন পাওয়া যাবেই। কারন পৃথিবীটা যে গোলাকার! কথাটা যে অনেক ক্ষেত্রেই সত্য সেটা বোঝা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই যমজ বোনের একত্রিত হওয়ার কাহিনী জেনে। এক কিংবা পাঁচ-দশ বছর নয়, দীর্ঘ ৭৮ বছর পর তাদের মধ্যে পুনরায় মিলন হলো! হারিয়ে যাওয়ার পর ফের একত্রিত হওয়ার রেকর্ড গড়েছে এটি। গিনেস ওয়ার্ল্ড বুকও জানিয়েছে, এটা একটা বিস্ময়কর এবং সবচেয়ে বেশি সময় পর একত্রিত হওয়ার ঘটনা। অ্যান হান্ট এবং এলিজাবেথ হ্যামেলের জন্ম ১৯৩৬ সালে ব্রিটেনের হ্যাম্পশায়ারের আলদারশটে। তার মা অ্যালিস একজন গৃহিনী এবং তাদের বাবা ছিলেন একজন সৈনিক। তবে তাদের মধ্যে বিয়ে হয়নি। সমাজে লাঞ্চিত হবার ভয়ে অ্যালিস ওই সময় দুই যমজ সন্তানকে পালনের জন্য একটি পরিবারকে দিয়ে দেন। তার ভয় ছিল যে অবৈধ সন্তান জন্মদানের জন্য সমাজ তাকে শাস্তি দিতে পারে। দুর্ভাগ্যবশত, এলিজাবেথের মেরুদণ্ড বাঁকা হওয়ায় তাকে পালন করতে অস্বীকৃতি জানায় ওই পরিবার। ফলে বাধ্য হয়ে এলিজাবেথকে লালন-পালন করতে হয় মা অ্যালিসকে। এরপর এলিজাবেথের বিয়ে হয় এক মার্কিন নাগরিকের সঙ্গে। ঘটনাক্রমে এলিজাবেথ জানতে পারে, তার এক বড় বোন আছে। এরপর থেকেই শুরু হয় বোনের খোঁজ। অবশেষে খোঁজ পাওয়া যায়। এরপর লস অ্যাঞ্জেলসের এক মনোবিজ্ঞানী তাদের পরীক্ষা করেন এবং প্রমাণিত হয় তারা দুই যমজ বোন। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার ভালবাসার মিলন। - ইন্ডিপেন্ডেন্ট