কক্সবাজারে শেষ হলো ঐতিহ্যবাহী বলী খেলা

কক্সবাজারের ঐতিহ্যবাহী ২ দিনব্যাপী ডিসি সাবেহের বলীখেলা ও বৈশাখী মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের আসরেও চ্যাম্পিয়ন হয়েছেন রামুর দিদার বলী। এনিয়ে দিদার বলী ডিসি সাবেহের বলীখেলায় মোট ৮ বার চ্যাম্পিয়ন হলেন। ২ দিনব্যাপী এই বলীখেলার ফাইনালে গতকাল দিদার বলী মাত্র ৮ মিনিটে পরাজিত করেন উখিয়ার শামসু বলীকে। এনিয়ে দিদার বলী এককভাবে ছয়বার এবং মর্মসিং বলীর সাথে আরো দুইবার যৌথভাবে চ্যাম্পিয়ন হন। দিদার বলী গতমাসের শেষদিকে সমাপ্ত চট্টগ্রামের জব্বারের বলীখেলাতেও চ্যাম্পিয়ন হয়েছেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এবারের বলী খেলায় বাংলাদেশ জাতীয় কুস্তি ফেডারেশনের কয়েকজন মহিলা বলীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কুস্তিগীর বলী অংশ নেন। ডিসি সাহেবের বলীখেলার এবারের আসর ৫৭তম। খেলাশেষে চ্যাম্পিয়ন বলী দিদারের হাতে ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রুহুল আমিন। রানার্স-আপ বলীর হাতেও নগদ ১০ হাজার টাকা ও একটি ট্রফি তুলে দেয়া হয়। এবারের বলীখেলার টাইটেল স্পন্সর ছিল গ্রামীণফোন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বলীখেলা উপভোগ করতে কক্সবাজার স্টেডিয়ামে গতকালও ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। বলীখেলা উপলক্ষে স্টেডিয়ামের বাইরে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় গ্রামীণ কুঠির শিল্প পণ্য, নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়। ১৯৫৬ সালে কক্সবাজারের তত্কালীন এসডিও মোহাম্মদ জাকারিয়া উঠতি বয়সের ছেলেদের ক্রীড়ামুখী করার মাধ্যমে সুস্থ বিনোদনের প্রতি আকৃষ্ট করতে বলীখেলার প্রচলন করেন।