দাউদকান্দিতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

জেলার দাউদকান্দি উপজেলার মলয় বাজারে প্রকাশ্য দিবালোকে গতকাল শনিবার বিকালে উপজেলার হরিপুর গ্রামের আলমাছ ব্যাপারীর ছেলে ফারুক আহম্মেদকে (৩০) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশী তত্পরতা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, পেন্নুই গ্রামের আলমাছ ব্যাপারী কয়েকবছর আগে হরিপুর গ্রামে বাড়ি করে থাকছেন। স্থানীয় এবং নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা ফোন করে ফারুক আহম্মেদকে তার বাড়ি থেকে মলয় বাজারে ডেকে নিয়ে যায়। সেখানে পৌঁছার পরপরই কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করলে মুমূর্ষু অবস্থায় তাকে গৌরীপুর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তাররা তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠালে পথে তিনি মারা যান। পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করে বলে নিহতের স্বজনরা জানান।