ক্ষতিপূরণ শিকারী!

নিয়ম থাকলে তা মানতে হবে। কিন্তু অনেক সময় এসব নিয়মের অপব্যবহার দেখা যায়। নিয়মের দোহাই দিয়ে অনিয়ম করতেই নানা অজুহাত সৃষ্টি করা হয়। ফলে অনেক সময় অনেক প্রতিষ্ঠানকে বিপদের সম্মুখীন হতে হয়। ফ্লোরিডার এক দোকান মালিক এরকম এক ‘ক্ষতিপূরণ শিকারী’ মহিলার পাল্লায় পড়েছে! মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাবলিক্স মুদি দোকান ক্রেতাদের এই নিশ্চয়তা দিয়েছিল যে কোনো জিনিসের ওজন কম হলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে। আর এই নিয়মের সুযোগ নিয়েছেন ফেল্ডম্যান নামের এক মহিলা। তিনি একদিন একটি মুরগী কিনলেন এবং দেখলেন মুরগী ওজনে কম হয়েছে। দোকানে এসে তিনি অভিযোগ করলেন তাকে সবসময়ই কম ওজনের মুরগী দেওয়া হয়েছে। এর জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ শিকারী মহিলার পাল্লায় পড়ে দোকান মালিককে তা-ই করতে হলো। এক বছর ৩০০টি মুরগী বিনা পয়সায় দিতে হয়েছে ওই মহিলাকে! ‘চিকেন লেডি’ নামে পরিচিত ফেল্ডম্যানও স্বীকার করে জানিয়েছেন, তিনি মুরগীগুলো নিজে খাননি। বরং বিড়াল এবং কুকুরদের খাইয়েছেন! - ইউপিআই