৫ মে শাপলা চত্বরে হেফাজতের মিছিল
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২৩:২৪
গত বছর ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হতাহতদের স্মরণে এবং ১৩ দফা দাবির সমর্থনে ‘কালেমা খচিত পতাকা হাতে গণমিছিল’ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। আগামীকাল সোমবার বিকালে শাপলা চত্বর থেকে এই মিছিল বের হবে। এতে হেফাজতের নায়েবে আমীর বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমদ উল্লাহ আশরাফের নেতৃত্ব দেয়ার কথা রয়েছে। গণমিছিলের জন্য ইতিমধ্যে ডিএমপির কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া ৫ মে স্মরণে চট্টগ্রামের হাটহাজারী কলেজ ময়দানে ইসলামী মহাসম্মেলনসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হবে। হাটহাজারী কলেজ মাঠের সমাবেশে হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর উপস্থিত থাকার কথা রয়েছে। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী শনিবার ইত্তেফাককে এসব কর্মসূচির কথা জানান।
উল্লেখ্য, নাস্তিক মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়নসহ ১৩ দফা দাবির সমর্থনে গত বছরের ৫ মে ঢাকা ঘেরাও কর্মসূচি আহ্বান করে হেফাজতে ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে সেদিন দুপুরে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ ও দোয়া মাহফিল শুরু হয়। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার আগেই মতিঝিল থেকে পুরানা পল্টন ও বায়তুল মোকাররম পর্যন্ত বিশাল এলাকা হেফাজত কর্মীদের নিয়ন্ত্রণে চলে যায়। এসময় পুরো এলাকাজুড়ে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে যা মধ্যরাত পর্যন্ত চলতে থাকে।