রাজনৈতিক খেলা চলতে থাকলে সমস্যা উত্তরণ সম্ভব নয়

‘মানুষ অপহরণ নিয়ে যদি শুধুমাত্র রাজনৈতিক খেলা চলতে থাকে, তাহলে সমস্যার উত্তরণ সম্ভব হবে না’। গতকাল শনিবার জাতীয় মানবাধিকার কমিশনের বরগুনা জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান একথা বলেন। তিনি বলেন, ‘মানুষ অপহূত হচ্ছে, গুম হচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা খুব একটা দৃশ্যমান হচ্ছে না। চলছে আটক বাণিজ্য। এ বাণিজ্য প্রতিহত করুন, তা বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। পারস্পরিক দোষারোপ সমস্যার সমাধান না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শর্ষের ভেতরেই ভূত রয়েছে। আগে সেই ভূতটিকে চিহ্নিত করুন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নেতা-কর্মীদের ওপর রেডএলার্ট জারি করা হয়েছে। আমি বিস্মিত হই যে, একটি জাতীয় রাজনৈতিক দল কি করে দেশের জনগণের কথা না ভেবে শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভাবে। মিজানুর রহমান বলেন, চাটুকারদের কাছ থেকে দূরে থাকুন। চাটুকাররা যেন আপনাকে ভুল তথ্য দিয়ে বাস্তবতা থেকে দূরে সরিয়ে না রাখতে পারে। সাধারণ জনগণ নিরাপত্তা চায়। বরগুনার আরডিএফ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন বরগুনা জেলার শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভুঞার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সচিব এমএ সালাম, জাতীয় শিশু একাডেমির চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ডক্টর সেলিনা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক বনশ্রী মিত্রসহ সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মরত মানবাধিকার কর্মীগণ। অপরদিকে গত শুক্রবার কুয়াকাটায় অনুষ্ঠিত বরগুনা ও পটুয়াখালীর মানবাধিকার কর্মীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।