নবম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্নের গঠন ও কাঠামো
মোহাম্মদ মুরাদ হোসেন সরকার শিক্ষক (গণিত) ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রকাশ : ০৪ মে ২০১৪, ২০:১৩
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ গণিত সৃজনশীল প্রশ্নের গঠন ও কাঠামোর ধারণা দেয়া হলোঃ
একটি সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক ও উদ্দীপক সংশ্লিষ্ট তিনটি প্রশ্ন থাকবে। চিন্তার গভীরতা/বহুমাত্রিকতা, time এবং Stepping এর উপর নির্ভর করে প্রশ্ন তিনটি কাঠিন্যের স্তর (সহজ, মাধ্যম ও কঠিন) নির্ধারণ হয়ে থাকে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্যে ১০ নম্বর বরাদ্দ থাকবে। ক, খ ও গ প্রশ্নের জন্যে যথাক্রমে ২, ৪ ও ৪ নম্বর, মোট ১০ নম্বর বরাদ্দ থাকবে।
যেমনঃ
উদ্দীপক
ক) * সৃজনশীল প্রশ্নের এই অংশটি হবে সহজ।
* এই অংশের উত্তর দেয়ার জন্যে শিক্ষার্থীকে খুব বেশি চিন্তা করতে হবে না। অর্থাত্ চিন্তার গভীরতা কম হবে।
* এই অংশের প্রশ্নটি উদ্দীপকের উপর নির্ভরশীল নাও হতে পারে। তবে পরোক্ষ নির্ভরশীলতা অবশ্যই থাকবে।
* এই অংশের উত্তরের ক্ষেত্রে ন্যূনতম দুইটি ধাপ থাকে। এখানে ধাপ বলতে সুনির্দিষ্ট শিখনফলকে (শিক্ষার্থী যা নির্ণয় করতে সক্ষম হবে) বোঝানো হয়েছে।
* ১ থেকে ৩ মিনিট সময় ব্যয় করে শিক্ষার্থী এই অংশের উত্তর দেয়ার চেষ্টা করবে।
* এই অংশের জন্যে ২ নম্বর বরাদ্দ থাকবে।
(খ) * সৃজনশীল প্রশ্নের এই অংশটি হবে মধ্যম মানের।
* এই অংশের উত্তর দেয়ার জন্যে শিক্ষার্থীকে চিন্তার গভীরতা/বহুমাত্রিকতা প্রথম অংশের চেয়ে বেশি হবে।
* এই অংশে শিক্ষার্থী উত্তরের মধ্যে পাঠ্যপুস্তকের এক বা একাধিক তত্ত্ব, তথ্য, ধারণা, নিয়ম-নীতি, সূত্র ইত্যাদি প্রয়োগের সুযোগ পাবে।
* এই অংশের প্রশ্নটি উদ্দীপকের উপর নির্ভলশীল হবে।
* এই অংশের উত্তরের ক্ষেত্রে ন্যূনতম চারটি ধাপ থাকবে।
* ৬ থেকে ৮ মিনিট সময় ব্যয় করে শিক্ষার্থী এই অংশের উত্তর দেয়ার চেষ্টা করবে।
* এই অংশের জন্যে ৪ নম্বর বরাদ্দ থাকবে।
(গ) * সৃজনশীল প্রশ্নের এই অংশটি হবে তুলনামূলক কঠিন।
* এই অংশের উত্তর দেয়ার জন্যে শিক্ষার্থীকে চিন্তার গভীরতা/বহুমাত্রিকতা দ্বিতীয় অংশের চেয়ে বেশি হবে।
* এই অংশে পাঠ্যপুস্তকের এক বা একাধিক তত্ত্ব, তথ্য, ধারণা, নিয়ম-নীতি, সূত্র ইত্যাদি প্রয়োগের সুযোগ মধ্যম স্তরের চেয়ে বেশি পাবে শিক্ষার্থীরা যেনো প্রশ্নটির উত্তর দিতে গিয়ে শিক্ষার্থী একাধিক বিষয়বস্তুর (Across the topics) আলোকে চিন্তা করার ও বিচার-বিশ্লেষণ করার সুযোগ পায়।
* এই অংশের প্রশ্নটি উদ্দীপকের উপর সরাসরি নির্ভরশীল হবে।
* এই অংশের উত্তরের ক্ষেত্রে ন্যূনতম চারটি ধাপ থাকে।
* ৯ থেকে ১১ মিনিট সময় ব্যয় করে শিক্ষার্থী এই অংশের উত্তর দেয়ার চেষ্টা করবে।
* এই অংশের জন্যে ৪ নম্বর বরাদ্দ থাকবে।