খুব শিগগিরই চলচ্চিত্রে অভিষিক্ত হতে পারি
প্রকাশ : ০৪ মে ২০১৪, ২০:১৫
নুসরাত ফারিয়া। মডেলিং আর উপস্থাপনায় এ সময়ের সবচেয়ে ব্যস্ত নাম। একেক করে শোবিজের সিঁড়ি বেয়ে নিজেকে ভাঙছেন স্বচ্ছন্দ গতিতে বারবার। নিজের কাজের ব্যস্ততা ও শোবিজ নিয়ে পরিকল্পনার কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজুর রহমান মিঠু
আপনার বর্তমান ব্যস্ততা সম্পর্কে বলুন?
এখন তো মূল ব্যস্ততা আমার পরীক্ষা নিয়ে। আগে পড়াশোনা তারপর কাজ। তবে কাজ একেবারে ছেড়ে দিচ্ছি না। যতটুকু সময় পাচ্ছি কাজ করেই ব্যয় করছি। তাছাড়া কিছুদিন আগে এক সেলফোন আর আইস কুলের দুটি বিজ্ঞাপন করলাম। আর বেশ কয়েকটি টিভিতে উপস্থাপনা করছি। এরমধ্যে আছে, এসএ টিভি লাইভ, জিটিভিতে লাক্স গ্ল্যামার ওয়ার্ল্ড, আরটিভিতে লেট নাইট কফি, এটি এন বাংলায় ট্রেন্ডস ও এনটিভিতে স্টাইল অ্যান্ড ট্রেন্ডস।
হঠাত্ করেই আরজে হওয়ার ইচ্ছা হলো কেন?
আসলে আমি কথা বলতে ভালোবাসি। সেই ভালোবাসা থেকেই উপস্থাপনায় আসা। আর যেহেতু রেডিওতে প্যাঁচাল করার সুযোগটা বেশি, তাই আরজে হওয়ার ইচ্ছা হলো। মাত্র ছয় মাস হলো রেডিওতে কাজ করছি। আমার কোনো কোর্স করা ছিল না বা এর আগে কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু রেডিও ফুর্তি আমাকে এসব কোনো কিছুই করতে বলেনি। প্রস্তুতি ছাড়াই আরজে হয়ে গেলাম।
টি-২০ বিশ্বকাপের উদ্বোধনে উপস্থাপনা করেছেন, আন্তর্জাতিক এই অনুষ্ঠানে উপস্থাপনা করার অভিঙ্গতা বলুন?
আমার স্টেজ উপস্থাপনা শুরু হয় আন্তর্জাতিক অনুষ্ঠান দিয়ে। ২০১৩ সালে সুনিধি চৌহানের কনসার্টে প্রথম উপস্থাপনা করি। এরপর আইসিসি টি-২০তে উপস্থাপনা নতুন করে আরও একটি অভিজ্ঞতা যোগ করে। এই অভিজ্ঞতা আসলেই সবগুলোর চেয়ে ভিন্ন। অনেকের একটা আক্ষেপ ছিল যে, আমার শুধু কণ্ঠ শুনতে পেয়েছে কিন্তু পর্দায় দেখতে পায়নি। কিন্তু আমার কোনো আক্ষেপ নেই। এত বড় পরিসরে কাজ করতে পেরে আমি আনন্দিত।
বিভিন্ন অনলাইন এবং মিডিয়াতে জোর খবর—আপনি রেদওয়ান রনির নতুন ফিল্মে নায়িকা হিসেবে অভিষেক ঘটাচ্ছেন।
এটা আসলে চূড়ান্ত কোনো খবর নয়। একেবারে মৌখিক কথা চলছে। হয়তো সবকিছু মিলে গেলে ছবিটি করা হবে। কারণ রেদওয়ান রনি ভাই খুবই মেধাবী একজন পরিচালক। তবে এটুকু বলতে পারি খুব শিগগিরই আমার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে।
সামনে কী কাজ করছেন?
পরীক্ষার জন্য তো নতুন কাজে হাত দিচ্ছি না। তবে ৩ মে মালয়েশিয়া যাচ্ছি সেখানকার তিনটি স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। ফিরে এসে ‘রত্নগর্ভা’ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে যাব। আর এখন যে উপস্থাপনা করছি সেগুলো তো করবই। এছাড়া তেমন আর কোনো কাজ করছি না।