এগিয়ে যাওয়া নারী

বিজনেস ফর পিস পুরস্কার পেলেন সেলিমা আহমাদ

নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ এ বছর অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছেন। ব্যবসার সঙ্গে সামাজিক মূল্যবোধের সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেলিমা আহমাদ এই পুরস্কার পেলেন। অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড কাকে দেয়া হবে সেটা নির্ধারণ করে শান্তি এবং অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপ্তদের একটি কমিটি। এ বছর সেলিমা আহমাদসহ নেপাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তিউনিসিয়া ও লেবাননের পাঁচ নাগরিক এ পুরস্কার পেয়েছেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউনাইটেড নেশনস গ্লে¬াবাল কমপ্যাক্ট এবং অসলোভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন যৌথভাবে তাঁদের খুঁজে বের করেছে। আগামী ১৫ মে নরওয়ের রাজধানী অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। বিজনেস ফর পিস ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ক্ষুদ্র উদ্যোগের বাইরে ব্যবসা সমপ্রসারণ এবং ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করতে নারীদের সক্ষম করে তোলার জন্য বাণিজ্যিক ও বিপণন দক্ষতা সংগঠিত করা ও শিল্প-উদ্যোগী প্রতিভার বিকাশে গুরুত্ব দেন সেলিমা আহমাদ।