গার্মেন্টস শিল্পপার্ক প্রকল্পের তত্ত্বাবধায়কের বিষয়ে সিদ্ধান্ত বুধবার

মুুন্সিগঞ্জের বাউশিয়ায় প্রস্তাবিত গার্মেন্টস শিল্পপার্ক প্রকল্প কোন প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মিত হবে তা আগামী বুধবার এ সংক্রান্ত বৈঠকে নির্ধারিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। শিল্পপার্ক নির্মাণ বিষয়ে গতকাল শিল্প মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান। প্রকল্পটি তৈরিতে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বেজা নাকি বিনিয়োগ বোর্ড তত্ত্বাবধান করবে তা ওই বৈঠকে ঠিক হবে। সভায় শিল্পসচিব মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পরিকল্পনা কমিশন ও বিসিকের প্রতিনিধি, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, বিজিএমইএ ও বিকেএমইএ’র সভাপতিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে শিল্প পার্ক নির্মাণে বর্তমান প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এসব প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় তুলে ধরা হবে। আমির হোসেন আমু বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর বিদেশি ক্রেতা সংগঠনের প্রতিনিধিরা ইতোমধ্যে এক হাজার ২শ’ তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছে। এরমধ্যে ১২টি ভবনকে ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করেছে, যাতে ২০টি গার্মেন্টস কারখানা রয়েছে। উল্লেখ্য, মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি অত্যাধুনিক প্রযুক্তির গার্মেন্টস শিল্পপার্ক স্থাপনের জন্য ইতোমধ্যে চীনের বেসরকারি উদ্যোক্তারা প্রস্তাব দিয়েছেন। তারা নিজস্ব অর্থায়নে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে এ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। এতে আড়াইশ’ গার্মেন্টস কারখানা স্থাপিত হবে এবং ১০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এ শিল্পপার্ক থেকে বছরে ৩ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন।