রংপুরে বিএনপিতে একক আওয়ামী লীগে বিদ্রোহী

রংপুরে বিএনপি পারলেও আওয়ামী লীগ পারলো না বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করাতে। শনিবার প্রত্যাহারেরর শেষদিনে চেয়ারম্যান পদে ৮ ও ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। বিদ্রোহী প্রার্থী থাকায় ১৯ মে’র নির্বাচনে আরো তিন উপজেলাও হাতছাড়া হতে পারে আওয়ামী লীগের। এর আগে বিদ্রোহী প্রার্থীর কারণে রংপুরে তিনটি উপজেলা আওয়ামী লীগের হাতছাড়া হয়। রংপুরের চার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার সদর উপজেলা থেকে জামায়াত সমর্থিত আব্দুল গণি, স্বতন্ত্র মাসুদুর রহমান ও মাহাবুব চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ভাইস চেয়ারম্যান পদে রুহুল আমীন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যারা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তারা হলেন- জাতীয় পার্টির সুলতানা আকতার কল্পনা ও আবেদ আলী ক্যাশিয়ার, আওয়ামী লীগের নাসিমা জামান ববি ও ডাক্তার দেলোয়ার হোসেন, বিএনপির ফারুক মিয়া, স্বতন্ত্র হিসেবে আবদুর রশিদ ও জুলফিকার আলী ভুট্টো। গঙ্গাচড়ায় আওয়ামী লীগের আব্দুর রউফ ও নুরুজ্জামান কাজল মনোনয়নপত্র প্রত্যাহার করলেও এই উপজেলায় আওয়ামী লীগের আরো দুই প্রার্থী নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। এ উপজেলায় চেয়ারম্যান পদে আরো যারা নির্বাচন করছেন তারা হলেন: প্রতাপ চন্দ্র রায় ও বিএনপির উপজেলা সহ-সভাপতি মোকাররম হোসেন সুজন, জামায়াতের অধ্যক্ষ শফিকুল আলম গণি, জাতীয় পার্টির সামসুল আলম ও সাবেক সভাপতি মতিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাজিমউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউনিয়ায় বিএনপি প্রার্থী আব্দুল হালিম সুরুজ মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখানে বিএনপির একমাত্র প্রার্থী হচ্ছে মাহফুজার রহমান মিঠু। এই উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম মায়া, বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, জাতীয় পার্টির সামছুল হক ভরসা ও স্বতন্ত্র প্রার্থী কমরেড রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। পীরগাছায় জাপার সেলিনা বেগম ও বিএনপির রেজোয়ানুল হক বাবলু মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, ১৯ দল সমর্থিত বিএনপির উপজেলা সভাপতি আফসার আলী, জাতীয় পার্টির উপজেলা সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।