গাজীপুর সদরে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার

আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪ চেয়ারম্যান ও ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। শনিবার শেষ দিনে রিটার্নিং অফিসারের কাছে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তবে ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত একক প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। অপরদিকে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে না পারায় ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এরা হলেন- অ্যাডভোকেট রীনা পারভীন, শফিকুল ইসলাম, মোঃ আব্দুল লতিফ ও ইউসুফ মোঃ সেলিম রেজা। নির্বাচনের প্রতীক বরাদ্দ এদিকে,আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৬ চেয়ারম্যান, ৬ ভাইস চেয়ারম্যান ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল রবিবার গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার শাহনওয়াজ দিলরুবা খান প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেন। চেয়ারম্যান পদে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন: অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন (ঘোড়া), অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস), শফিকুল ইসলাম (হেলিকপ্টার), মোঃ আব্দুল লতিফ (মোটর সাইকেল), ইউসুফ মোঃ সেলিম রেজা (কাপপিরিচ) ও মুফতি নাসির উদ্দিন খান (দোয়াত কলম)। এর মধ্যে চেয়ারম্যান পদে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বিএনপি সমর্থিত একক প্রার্থী থাকলেও আওয়ামীলীগ তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে না পারায় দলের একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অ্যাডভোকেট রীনা পারভীন ও শফিকুল ইসলামের মধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা চলছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আবু তাহের মুসুল্লি (তালা), আঃ গণি (টিউবওয়েল), জিয়ারত সিকদার (টিয়াপাখি), লিটন মিয়া (উড়োজাহাজ), ডাঃ আলী আকবর (চশমা) ও মোশারফ হোসেন (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার (ফুটবল), শাহিদা আক্তার জসুদা (পদ্মফুল), সাজেদা সুলতানা (প্রজাপতি) ও ফারমিনা কায়সার (কলস) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলা ছাড়া অপর ৪টি উপজেলায় ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে।