গোয়ালন্দে লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন

লোডশেডিং বন্ধ, ঝুকিপূর্ণ লাইন দ্রুত সংস্কার ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল রোববার সকাল ১০টায় স্থানীয় সামাজিক সংগঠন ‘আহ্বান’ এর উদ্যোগে শহরের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠনের আহবায়ক তানভির আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, মুন্সী লুত্ফর রহমান, মাওলানা আব্দুল আজিজ, ব্যবসায়ী রেজাউল হোসেন রাজা, ইদ্রিস আলী বাবু, জাকির হোসেন প্রমূখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বৈশাখের তীব্র গরম ও দাবদাহের মধ্যে লোডশেডিং হওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাতভর দফায় দফায় লোডশেডিং এর কারণে শিক্ষার্থীদের পড়ালেখা প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে । স্থানীয় বিদ্যুত্ অফিসের আবাসিক প্রকৌশলী গোপাল ঘোষ বলেন, বিদ্যুতের লোডশেডিং জাতীয় উত্পাদনের উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। তাছাড়া এ উপজেলার বিদ্যুত ব্যবস্থার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। সবকিছু ফরিদপুর থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।