পাকুন্দিয়ায় শিক্ষিকার আঘাতে ছাত্রী মানসিক রোগী
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ মে ২০১৪, ২১:১৩
সহপাঠীদের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল শিশু সোনিয়ার (১১)। কিন্তু বর্তমানে এই শিশুটির দিন কাটছে অসহনীয় মানসিক যন্ত্রণায়। সে এখন মস্তিষ্ক বিকৃত এক মানসিক রোগী। এক মাসেরও বেশি সময় আগে শিশুটির মাথায় ডাস্টার দিয়ে প্রচণ্ড আঘাত করেন স্কুলের এক শিক্ষিকা। এর মধ্যে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার বদল হয়েও এরপর থেকে সে আর স্বাভাবিক অবস্থায় ফেরেনি।
ঘটনাটি ঘটেছে উপজেলার বড় আজলদী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সোনিয়া ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী জানায়, প্রায় এক মাস আগে সোনিয়াকে নলকূপ থেকে একটি গ্লাস ধুয়ে আনতে বলেন শিক্ষিকা শিউলি আক্তার। কিন্তু শিক্ষিকার দেয়া গ্লাসটি তার হাত থেকে পড়ে ভেঙ্গে যায়। এজন্য শিক্ষিকা তাকে ডেকে নিয়ে মাথায় ডাস্টার দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করেন। বিষয়টি কাউকে না জানিয়ে সোনিয়া বাড়িতে চলে যায়। রাতে মেয়েটির খুব জ্বর হয়। সকালে ঘুম থেকে উঠে আবোল-তাবোল বকতে শুরু করে। মাথা ব্যথায় চিত্কার করতে থাকে। মেয়েটি এখন নিরব হয়ে গেছে। এমনকি অসুস্থতার কারণে সোনিয়া প্রথম সাময়িক পরীক্ষা দিতে পারেনি। বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালীদের টাকা-পয়সা দেয়া হচ্ছে বলেও এলাকাবাসী জানান।