নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু
প্রকাশ : ০৪ মে ২০১৪, ২২:০০
‘আইন প্রতিপালন ও গণসচেতনতায় গড়বো দেশ, নৌ-নিরাপদ বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ষষ্ঠবারের মত গতকাল রবিবার নৌ নিরাপত্তা সপ্তাহ পালন শুরু হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত এ সপ্তাহ পালন করা হবে।
নৌযান ও নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিতকল্পে নৌযান শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে সচেতন করাই নৌ-নিরাপত্তা সপ্তাহের মূল লক্ষ্য। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সমুদ্র পরিবহন অধিদপ্তর নৌ-নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি পালন করছে।
নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, যেকোন সময়ে যেকোন দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সকলে সচেতন থাকলে, আইন মেনে চললে, দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভুঁইয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রমুখ। অনুষ্ঠানে নৌ সেক্টরে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমকে ক্রেস্ট প্রদান করা হয়। নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০১৪ উপলক্ষে সকালে রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।