বেনাপোলে বিজিবির সঙ্গে ট্রাক শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ
প্রকাশ : ০৪ মে ২০১৪, ২২:০২
ট্রাক শ্রমিককে মারপিট ও ট্রাক আটকের ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার দুপুরে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে ট্রাক শ্রমিক ও বিজিবি সদস্যদের সংঘর্ষে তিন শ্রমিক আহত হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বিজিবির মোটর সাইকেল ভাংচুর করলে বিজিবি ৪ শ্রমিককে আটক করে। এ ঘটনায় যশোর বেনাপোল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে। ২ ঘন্টা সংঘর্ষের পর বেনাপোল পোর্ট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। আহত তিন শ্রমিকের নাম শুকুর আলী, জাহাঙ্গীর ও ইমরান। এদের মধ্যে শুকুর আলীর অবস্থা আশংকাজনক।