ভেড়ামারায় দই খেয়ে ৭০ জন অসুস্থ

ভেড়ামারা শহরের রেলবাজার বণিক সমিতি এলাকায় অবস্থিত ‘পাবনা সুইট’-এর বিষাক্ত দই খেয়ে অন্তত ৭০ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে বয়স্ক ও শিশুসহ ২০ জনের অবস্থা আশংকাজনক। পাবনা সুইট-এর মালিক শ্যামল পালিয়েছেন। দোকানটি বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান ভেড়ামারা হাসপাতালে রোগীদের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ নেন। ভেড়ামারা মডেল থানা, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভেড়ামারার ফারাকপুর গ্রামের আব্দুল বারি’র ছেলে আরিফুল ইসলাম আরিফের বিয়ের অনুষ্ঠান ছিল গত শনিবার। এ উপলক্ষে দুপুরে প্রীতি ভোজের আয়োজন করা হয়। খাবার শেষে পরিবেশন করা হয় পাবনা সুইটের দই। আর বিষাক্ত দই খেয়ে ফুড পয়জনিং-এ গুরুতর অসুস্থ হয়ে পড়েন আমন্ত্রিত অতিথিরা। দই খাওয়ার পর শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয় বিষক্রিয়া। রাত সাড়ে ৯টা থেকে একের পর এক লোক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে। বর ও কন্যা পক্ষের অন্তত ৭০ জন অসুস্থ হওয়ার সংবাদ পাওয়া গেছে। এদের মধ্যে শিশুসহ ২০ জনের অবস্থা আশংকাজনক। অসুস্থদের ভেড়ামারা ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, যে হোটেল থেকে দই কেনা হয়েছে সেই হোটেলের মালিক, কর্মচারীসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।