গান্ধী আশ্রমের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে
প্রকাশ : ০৪ মে ২০১৪, ২২:০৩
ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী বলেছেন, মহাত্মা গান্ধীর স্মৃতি আমাদের প্রেরণা যোগায়। তার স্মৃতি রক্ষায় আত্রাইয়ের মত জায়গায় যে গান্ধী আশ্রম করা হয়েছে তা প্রকৃতই গান্ধীপ্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, এখানে আসার পর গান্ধী আশ্রমের কার্যক্রম আমাকে বিমুগ্ধ করেছে। গান্ধী আশ্রমের উন্নয়নে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। মহাত্মা গান্ধী এলাকার জনসাধারণের আত্মকর্মসংস্থানের জন্য যে কার্যক্রম চালু করেছিলেন তা যাতে আবারও চালু করা যায় এ জন্যও আমরা সহযোগিতা করবো। তিনি গতকাল রবিবার নওগাঁর আত্রাইয়ে বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধী আশ্রম) আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংস্থার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার, সংস্থার প্রধান উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় দূতাবাসের কাউন্সিলর সুজিত ঘোষ, আরমাসাকুই, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতীয় ডেপুটি হাইকমিশনার সাপাহার আসছেন আজ
নওগাঁ প্রতিনিধি জানান, আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার শ্রী সন্দীপ চক্রবর্তী সাপাহার আসছেন। সফরকালে তিনি স্বাধীনতার বিজয় স্মৃতি স্তম্ভ ও বরেন্দ্র অঞ্চলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণে ভারত সরকারের সহায়তায় ৪শ’ গভীর নলকূপের উদ্বোধন করবেন।