সোহেল রানা
করতে শপিং বউটি আমার
লিস্ট করেছে পাকা
সেই তালিকায় নামটি আমার
সৌজন্যতে রাখা।
রাখছে কারণ টাকাটা কে
দেবে জানে সে তা
বউ হতে চায় এবার ঈদের
সবচে’ বড় ক্রেতা।
কিন্তু আমার লিস্টি দেখেই
যায় শুকিয়ে গলা
একটু কমাও, কমবে নাকো
হচ্ছে বৃথাই বলা।
তারপরও কই বউ ভালো বেশ
সংযমের এই মাসে
চেষ্টা করো একটু যদি
কোথাও কমে আসে।
কমল শেষে একটা কিছু
ঝরলো অনেক ঘাম—
কিন্তু একি! সেই তালিকায়
নাইকো আমার নাম!