একটি পরিবারের কাছে জিম্মি না’গঞ্জের মানুষ

নারায়ণগঞ্জে অপহরণ-হত্যাকাণ্ডের ঘটনাগুলোর জন্য আবার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের দিকে অভিযোগের আঙুল তুললেন মেয়র সেলিনা হায়াত্ আইভী। কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার প্রতিবাদে সিটি কর্পোরেশনের সামনে ওয়ার্ড কাউন্সিলরদের ৪৮ ঘন্টার কর্মবিরতির এক সমাবেশে যোগ দিয়ে তিনি এই অভিযোগ করেন। সেখানে তিনি বলেন, একের পর এক হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। একটি পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসী জিম্মি হয়ে পড়েছে। গডফাদারদের কাছ থেকে মানুষ মুক্তি চায়। কারো নাম উল্লেখ না করে ওই সমাবেশে আইভী বলেন, একটি পরিবারের কাছে জিম্মি হয়ে পড়েছে প্রশাসনও। আমি অবশ্যই দাবি করছি যত তাড়াতাড়ি সম্ভব হত্যাকারীদের আইনের আওতায় আনা হোক। তবে এর আগে পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী নারায়ণগঞ্জে অপহূত হওয়ার পর আইভী সরাসরি শামীম ওসমানের নাম বলেছিলেন। গত ১৮ এপ্রিল এক সমাবেশে মেয়র আইভী বলেছিলেন, আমি শামীম ওসমানদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি ও ভবিষ্যতেও বলব। কিন্তু এসব করে আমার মুখ বন্ধ করা যাবে না। সিটি কর্পোরেশন নির্বাচনে আইভীর কাছে হেরে যাওয়া শামীম ওসমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ‘পরিকল্পিতভাবে অপপ্রচার’ চালাচ্ছেন মেয়র। নারায়ণগঞ্জে সন্ত্রাসের জন্য বরাবরই ওসমান পরিবারকে দায়ী করে আসছেন আওয়ামী লীগ নেতা আইভী। কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণ করে হত্যার পরও একই কথা বলছেন তিনি। নজরুলসহ সাতজনকে অপহরণ-হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা গতকাল রবিবার থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতির মধ্যে সকালে সিটি কর্পোরেশন ভবনে সমাবেশ হয়, যাতে বক্তব্য রাখেন আইভী। তিনি বলেন, তানভীর মোহাম্মদ ত্বকী, আশিক, ভুলু, দিদারুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আবার একই ধরনের ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জের মানুষ গুম-হত্যা চায় না। নারায়ণগঞ্জের মানুষ শান্তি চায়। সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান আইভী। সমাবেশে মেয়রের পাশাপাশি অন্য কাউন্সিলরাও বক্তব্য রাখেন। নজরুল হত্যাকাণ্ডে মূল সন্দেহভাজন নূর হোসেনও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগেরও সহ-সভাপতি। হত্যাকাণ্ডের পর থেকে নূর হোসেন পলাতক। তার বাড়িতে শনিবার অভিযান চালিয়ে ১১ জনকে আটক এবং একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।